“চিৎকারের যুগে শান্ত কণ্ঠ: “নীরব বিপ্লবের পথিক NDTV থেকে Dekoder-এ প্রণয় রায়ের রূপান্তর”

প্রাসঙ্গিক প্রতিবেদন: এক সময় ভারতের সংবাদমাধ্যমের পরিবর্তনের সন্ধিক্ষণে এক তরুণ অর্থনীতিবিদ-থেকে-সাংবাদিক Prannoy Roy নিজের মতো করে খবরের ভাষা বদলে দিতে শুরু করেছিলেন। ইকোনমিস্ট কাম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট টার্নড জার্নালিস্ট তথা ভারতীয় প্রাইভেট ভিস্যুয়াল নিউজ মিডিয়ার প্রবাদপ্রতিম প্রণয় রায়।

১৯৮০-র দশকের শেষভাগ—টেলিভিশন সংবাদ তখনও সীমাবদ্ধ ও নিয়ন্ত্রিত। সেই সময়ই তিনি সহ-প্রতিষ্ঠা করেন NDTV (নিউ দিল্লি টেলিভিশন)। শুরুটা ছিল Doordarshan-এর জন্য নির্বাচনী বিশ্লেষণমূলক অনুষ্ঠান তৈরি করা দিয়ে। কিন্তু ধীরে ধীরে NDTV হয়ে ওঠে ভারতের অন্যতম বিশ্বাসযোগ্য সংবাদমাধ্যম। NDTV মানেই ছিল Dr.Prannoy Roy এবং তাঁর জার্নালিস্ট স্ত্রী রাধিকা রায়।

৯০-এর দশক ও ২০০০-এর শুরুর দিকে NDTV মানেই ছিল নির্ভরযোগ্যতা। নির্বাচনের রাতে প্রণয় রায়ের পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ যেন এক আলাদা উত্তেজনা তৈরি করত—সংখ্যা গল্প বলত, গণতন্ত্র জীবন্ত হয়ে উঠত।

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সংবাদমাধ্যমের চেহারাও বদলাতে শুরু করে। রাজনৈতিক, কর্পোরেট ও আর্থিক চাপ বাড়তে থাকে। টেলিভিশনে চিৎকার-চেঁচামেচির বিতর্ক, দ্রুতগতির ‘ব্রেকিং নিউজ’—সব মিলিয়ে দর্শকদের অভ্যাস পাল্টে যায়। এক সময়ের পথপ্রদর্শক NDTV-ও এই পরিবর্তনের ঢেউয়ে দোল খেতে থাকে।

এরপর আসে এক গুরুত্বপূর্ণ মোড়।

NDTV-র নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর প্রণয় রায় নীরবে লক্ষ্য করতে থাকেন নতুন ডিজিটাল মিডিয়ার জগৎ—যেখানে খবর আরও দ্রুত, আরও বিভাজিত, কখনও কখনও আরও উত্তেজনাপূর্ণ। কিন্তু তিনি পরিবর্তনকে এড়িয়ে যাননি, বরং বেছে নিয়েছেন নতুন পথ। সাংবাদিকতা যার রক্তে তাকে থামানো মুশকিল। ৭৬ বছর বয়সে তিনি বুম আর মোবাইল হাতে নিজের নিউজ পোর্টাল Dekoder -এর জন্য বাংলার ভোট কভার করতে চলে এসেছেন কোলকাতায়।

একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম Dekoder -এখানে নেই টেলিভিশনের কোলাহল, নেই চড়া স্বরের বিতর্ক—বরং আছে গভীর বিশ্লেষণ, পরিমিত ভাষা ও ডিজিটাল যুগের উপযোগী উপস্থাপনা।

প্রণয় রায়ের এই যাত্রা—NDTV-র প্রতিষ্ঠা থেকে Dekoder-এর প্রতিষ্ঠা —আসলে এক পরিবর্তনের গল্প। এটি শুধুই এক সংস্থা থেকে অন্য সংস্থায় যাওয়া নয়, বরং সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে গড়ে তোলার গল্প।

শেষ পর্যন্ত, তিনি রয়ে গেছেন সেই একই মানুষ—একজন গল্পকার, যিনি সংখ্যার মাধ্যমে সত্যকে তুলে ধরেন।

আর এই শব্দের ভিড়ে, তাঁর সেই শান্ত স্বরই যেন আজও সবচেয়ে জোরালো।

“তিনি শুধু সাংবাদিক নন—আধুনিক ভারতীয় টিভি সাংবাদিকতার জনক প্রণয় রায়”

 

Leave a Comment