Prasongik Bangla

Prasongik Bangla News

মানব পাচার ও বন্ধকী শ্রমের বিরুদ্ধে সাংবাদিকদের সচেতনতার আহ্বান, মহাজাতি সদনে স্টেট মিডিয়া কনক্লেভ

PIB-এর পৃষ্ঠপোষকতায় ও International Justice Mission-এর সহযোগিতায় রাজ্যস্তরের সেমিনার; বাস্তব অভিজ্ঞতা তুলে ধরলেন বন্ধকী শ্রমপ্রথা থেকে মুক্ত দুই ব্যক্তি

কলকাতা, প্রাসঙ্গিক AG:
মানব পাচার এবং বন্ধকী শ্রমের মতো গুরুতর সামাজিক সমস্যার বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে সাংবাদিকদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হল কলকাতার মহাজাতি সদনে আয়োজিত এক রাজ্যস্তরের সাংবাদিক সচেতনতা শিবিরে। ইউনাইটেড জার্নালিস্ট ফোরামের উদ্যোগে ১২ সেপ্টেম্বর মহাজাতি সদনের এনএক্স বিল্ডিংয়ে ‘স্টেট মিডিয়া কনক্লেভ’ শীর্ষক এই বিশেষ সেমিনারের আয়োজন করা হয়।

প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB), কলকাতা কেন্দ্রের পৃষ্ঠপোষকতায় এবং International Justice Mission-এর সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলার সাংবাদিকরা অংশ নেন। মানব পাচার ও বন্ধকী শ্রমের সামাজিক, আইনি এবং মানবিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় অনুষ্ঠানে।

অনুষ্ঠানের শুরুতে আগত অতিথি ও অংশগ্রহণকারী সাংবাদিকদের স্বাগত জানান ইউনাইটেড জার্নালিস্ট ফোরামের সম্পাদক শ্রী কৃষ্ণেন্দু দত্ত। তিনি এই সচেতনতা শিবিরের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, মানব পাচার এবং বন্ধকী শ্রমের মতো বিষয়গুলি শুধু প্রশাসনিক বা আইনি সমস্যা নয়, এগুলি গভীর সামাজিক সংকট। এই ধরনের সমস্যার প্রকৃত চিত্র সাধারণ মানুষের সামনে তুলে ধরতে সাংবাদিক ও গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর বক্তব্যে সাংবাদিকদের তথ্যনির্ভর প্রতিবেদন এবং জনসচেতনতা তৈরির মাধ্যমে সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখার বিষয়টি বিশেষভাবে উঠে আসে।

সেমিনারে উপস্থিত ছিলেন PIB কলকাতা কেন্দ্রের প্রশাসনিক আধিকারিক শান্তনু সিনহা, অফিস অ্যাসিস্ট্যান্ট তনুশ্রী পাল, International Justice Mission-এর প্রিয়া আব্রাহাম, PTI-এর চিফ করেসপন্ডেন্ট সুদীপ্ত চৌধুরী, The Hindu-র পশ্চিমবঙ্গ ব্যুরো চিফ শিব সহায় সিংহ-সহ বিশিষ্ট ব্যক্তিরা।

বক্তারা মানব পাচার ও বন্ধকী শ্রমের বিভিন্ন দিক, এর সঙ্গে যুক্ত ঝুঁকি এবং সমাজের উপর এর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে আলোচনা করেন। মানব পাচার প্রতিরোধ এবং বন্ধকী শ্রমপ্রথা নির্মূল করতে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির উপরও গুরুত্ব দেওয়া হয়।

International Justice Mission-এর প্রতিনিধিদের পক্ষ থেকে রিচার্ড প্যারিস ও দেবর্ষি চ্যাটার্জি জানান, রাজ্য, দেশ এবং আন্তর্জাতিক স্তরে মানব পাচার ও বন্ধকী শ্রমের বিরুদ্ধে সচেতনতা তৈরির পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়গুলিতে কাজ করে চলেছে তাঁদের সংস্থা।

সেমিনারের একটি বিশেষ আকর্ষণ ছিল বাউল গানের মাধ্যমে মানব পাচার ও বন্ধকী শ্রমের মতো গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়কে তুলে ধরা। বাউল শিল্পী গণেশচন্দ্র রায় ও মৌমিতা পাল তাঁদের পরিবেশনার মাধ্যমে এই সমস্যার মানবিক দিকটি তুলে ধরেন। তাঁদের গান অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও অতিথিদের মধ্যে বিশেষভাবে প্রভাব ফেলেছে।

অনুষ্ঠানে বন্ধকী শ্রমপ্রথা থেকে মুক্তি পাওয়া দুজন ব্যক্তিকে মঞ্চে নিয়ে আসা হয়। তাঁরা নিজেদের জীবনের তিক্ত ও কঠিন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তাঁদের বক্তব্যের মাধ্যমে বন্ধকী শ্রমপ্রথার বাস্তব চিত্র এবং এর ফলে মানুষের জীবনে তৈরি হওয়া দুরবস্থার বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। তাঁদের অভিজ্ঞতা উপস্থিত সকলের মন ছুঁয়ে যায়।

সেমিনারে বক্তারা মানব পাচার ও বন্ধকী শ্রমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এই প্রথা চিরতরে নির্মূল করার আহ্বান জানান। একই সঙ্গে সাংবাদিকদের এই বিষয়গুলিকে আরও গুরুত্ব দিয়ে তুলে ধরার এবং সমাজে জনসচেতনতা বাড়ানোর কাজে এগিয়ে আসার আবেদন জানানো হয়।

প্রায় তিন ঘণ্টার এই স্টেট মিডিয়া কনক্লেভ পরিচালনা করেন ইউনাইটেড জার্নালিস্ট ফোরামের কোষাধ্যক্ষ প্রবাল কুমার চক্রবর্তী। অনুষ্ঠানের শেষে ফোরামের সভাপতি সুমিত পালিত সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন। অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে বিশেষ শংসাপত্রও তুলে দেওয়া হয়।

এই কনক্লেভের মাধ্যমে মানব পাচার ও বন্ধকী শ্রমের মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে সাংবাদিকদের সচেতনতা আরও বাড়ানোর পাশাপাশি, তথ্যনির্ভর সাংবাদিকতা ও জনসচেতনতা তৈরির ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্বের বিষয়টিও বিশেষভাবে সামনে আসে।

 – প্রাসঙ্গিক

 

One comment
Prabal Chatterjee Chattopadhyay

Good

Refer , Recommend Others Also

Will Refer, Recommend Others Also

Invitations Etc Also

Our Associates Presence Etc Everywhere

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version